কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বিধবার বসতঘর পুড়ে ছাই

চাঁদপুরের কচুয়ার কাদলা ইউনিয়নের তেগুরিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে জ্যোতি রানী সরকার (৮০) নামের এক অসহায় বিধবা মহিলার বসতঘর সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেগুরিয়া গ্রামের সুভাষ ডাক্তারের বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৃত শুমান্ত সরকারের স্ত্রী জ্যোতি রানী সরকার পাশের এক প্রতিবেশীর ঘরে গেলে হঠাৎ তার ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে দুটি বসতঘর, একটি রান্নাঘর এবং নগদ টাকা ও গৃহস্থালির সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিধবা জ্যোতি রানী সরকার কান্নাজড়িত কণ্ঠে বলেন,আমার স্বামী-সন্তান কেউ নেই। আগুনে আমার শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছে। প্রতিবেশীদের সহায়তায় কোনরকম জীবন চলছিল। এখন কোথায় যাব, কার কাছে যাব—খোলা আকাশের নিচে থাকা ছাড়া আর উপায় নেই।

খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও দূরত্ব ও যোগাযোগ সমস্যার কারণে পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, রান্নার চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

দীর্ঘদিনের আশ্রয়স্থল হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন অসহায় এই বৃদ্ধা। স্থানীয়রা দ্রুত সরকারি ও সমাজের বিত্তবানদের সহায়তার আহ্বান জানিয়েছেন।