কচুয়ায় বজ্রপাতে কৃষাণির মৃত্যু, ছেলে আহত
চাঁদপুরের কচুয়ায় মাঠ থেকে ইরি ধান আনতে গিয়ে বজ্রপাতে পদ্মা রানী (৫৫) নামে এক কৃষাণির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের বড়-হায়াতপুর গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের ছেলে নারায়ন চন্দ্র সরকার (৩০) আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। নিহত পদ্মা রানী বড়-হায়াতপুর গ্রামের মৃত সুনীল চন্দ্র সরকারের স্ত্রী। নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় হায়াতপুর পাটোয়ারী বাড়ির সামনের মাঠে শুকানো ধান আনতে যান পদ্মা রানী ও তার ছেলে নারায়ন। ধান গুছিয়ে নেওয়ার শেষ মুহূর্তে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বজ্রপাত শুরু হয়।
এসময় বজ্রপাতের আঘাতে মা ও ছেলে দু’জনেই মাঠের মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাসনুবা মরিয়ম পদ্মা রানীকে মৃত ঘোষনা করেন।
কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত বলেন, এ ঘটনায় কচুয়া থানায় একটি অপ-মৃত্যু মামলা (সাধারণ ডায়রি) করা হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১১ মে ২০২৬