কচুয়ায় প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ আহত ৪



চাঁদপুরের কচুয়ায় জোরপূর্বক মাটি ভরাটের ঘটনায় ভিডিও করায় ও বাধা দেয়ায় হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে আইনপুর গ্রামে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে অন্ত:সত্তা নারী সহ ৪জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, সুমাইয়া আক্তার (২০), রিয়া মনি (১৫), রাজিয়া বেগম (৫৫) ও বিল্লাহ হোসেন (৬২)। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে সুমাইয়া আক্তারের অবস্থা খুবই আশঙ্কাজনক। প্রতিপক্ষের হামলায় তিনি প্রায় সজ্ঞাহীন হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।


ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য বশির আহম্মেদ বলেন, একই বাড়ির রফিকুল ইসলাম গংরা আমাদের জায়গায় জোরপূর্বক মাটি ভরাটের চেষ্টা করে। এতে আমার অন্ত:সত্তা বোন সুমাইয়া আক্তার ভিডিও করলে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ দেলোয়ার হোসেন, নবীর হোসেন, আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম, ফেরদৌসি বেগম, রোজিনা আক্তার, হাওয়া বেগম, জোসনা আক্তারসহ ১০/১২জন মিলে আমার বোন ও অন্যান্যদের ওপর দেশিয় অস্ত্র-শস্ত্র দিয়ে অতর্কিত হামলা ও মারধর করে গুরুতর আহত করে। তিনি আরো জানান, এর আগেও গত ১২ মার্চ একই ভাবে প্রতিপক্ষ লোকজন তাদের সম্পত্তি দখল চেষ্টা করে তাদেরকে মারধর করে ও বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে হুমকি-ধমকি দিয়ে হয়রানী করে ।


এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


কচুয়া প্রতিনিধি/

৩১ মার্চ ২০২৬