কচুয়ায় প্রজেক্টে বিদ্যুতায়িত হয়ে বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাই আহত
চাঁদপুরের কচুয়ায় মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে আকস্মিকভাবে বিদ্যুতায়িত হয়ে আলাউদ্দিন (২৮) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার আপন ছোট ভাই আরিফ হোসেন (২২) গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার মিয়ার বাজারের তালতলী এলাকায় মহিন উদ্দিনের পরিচালিত একটি মৎস্য প্রজেক্টে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকা সূত্রে জানা যায়, আলাউদ্দিন ও তার ছোট ভাই আরিফ হোসেন ওই মৎস্য প্রজেক্টে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
রোববার বিকেলে প্রজেক্টে মাছের খাবার দিতে গিয়ে তারা আকস্মিকভাবে বৈদ্যুতিক তারের স্পর্শে আসেন। এতে দুজনই বিদ্যুতায়িত হন। পরে গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিন ও আরিফকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আহত আরিফ হোসেনকে গুরুতর অবস্থায় চিকিৎসা দেওয়া হয়। নিহত আলাউদ্দিন ও আহত আরিফ হোসেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর কালির খামার মিয়াবাড়ি এলাকার বাসিন্দা মো. আনোয়ারুল ইসলামের ছেলে। তারা কচুয়া উপজেলার হারিচাইল গ্রামের বাসিন্দা মো. মহিন উদ্দিনের পরিচালিত মৎস্য প্রজেক্টে শ্রমিক হিসেবে কাজ করতেন।
এদিকে আকস্মিক এ দুর্ঘটনায় এক ভাইয়ের মৃত্যু এবং অপন ভাইয়ের গুরুতর আহত হওয়ার ঘটনায় তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৬ অক্টোবর ২০২৬