Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও মৃত্যুশয্যায়
পানিতে

কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও মৃত্যুশয্যায়

চাঁদপুরের কচুয়া উপজেলার জুয়ারীখোলা গ্রামে পুকুরের পানিতে ডুবে নাদিম নামের ২ বছরের এক ফুটফুটে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে তার বড় ভাই হামিমও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে সে কুমিল্লার দাউদকান্দির (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (২২ জুলাই) উপজেলার জোয়ারীখোলা গ্রামের মোবারক মেম্বারের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু নাদিম সৌদি আরব প্রবাসী আলম মিয়ার ছেলে।

জানা যায়, বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যাওয়ার পর ছোট ভাইকে বাঁচাতে তার বড় ভাই এগিয়ে যায়। এ সময় দু’জনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক নাদিমকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর অবস্থায় তার বড় ভাইকে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত রাত সাড়ে ৯ টা পর্যন্ত শিশু হামিম (৪) জীবিত রয়েছে বলে সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমেদ জানান।

এদিকে মর্মান্তিক এ ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের মাতম বইছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মাঝেও নেমে আসে শোকের ছায়া।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২২ জুলাই ২০২৬