Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় টিফিন বিরতিতে লুকোচুরি খেলতে গিয়ে দেয়ালচাপায় প্রাণ গেল শিক্ষার্থীর
প্রতীকী ছবি

কচুয়ায় টিফিন বিরতিতে লুকোচুরি খেলতে গিয়ে দেয়ালচাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

চাঁদপুরের কচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের বদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন হোসেন তামিম নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে চাপা পড়ে নিহত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের টিফিন বিরতির সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, টিফিনের ছুটিতে সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের বিপরীত পাশে অবস্থিত একটি নির্মাণাধীন ভবনে লুকোচুরি খেলতে যায় তামিম। খেলার একপর্যায়ে ভবনটির অসমাপ্ত দেয়ালের একটি অংশ হঠাৎ ভেঙে তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। সহপাঠী শিক্ষার্থী মাছুম তামিমকে দেয়ালের নিচে চাপা পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ও বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ইয়াছিন হোসেন তামিম সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর গ্রামের রামসিং পাটোয়ারী বাড়ির বাসিন্দা ছোলেমানের বড় ছেলে।

ঘটনার খবর পেয়ে কচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাশেদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি খতিয়ে দেখেন।

এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনা আক্তার, সহকারী শিক্ষা অফিসার আক্তার হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোতাহের হোসেন, নিবার্হী সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম মজুমদার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনা আক্তার আক্তার বলেন, “নির্মাণাধীন ভবনটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ভবন মালিকের অবহেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।” অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, টিফিন বিরতির সময় শিক্ষার্থীদের যথাযথ তদারকি না থাকায় তারা বিদ্যালয়ের বাইরে গিয়ে ঝুঁকিপূর্ণ স্থানে খেলতে পেরেছে। ফলে এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো বদুরপুর গ্রাম।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১১ জুন ২০২৬