Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় গৃহবধূর রহস্যজনক লা/শ উদ্ধার

কচুয়ায় গৃহবধূর রহস্যজনক লা/শ উদ্ধার

চাঁদপুরের কচুয়ায় ইকরা আক্তার (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার বিতারা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ইকরা আক্তার উপজেলার আশারকোটা গ্রামের ইউনুস মিয়ার মেয়ে। তার স্বামী সৌদি প্রবাসী সম্রাট হোসেন বিতারা গ্রামের সফিকুল ইসলাম (আলমের) ছেলে।


নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, ইকরা আক্তার ও সম্রাট হোসেনের সাথে চার মাস পূর্বে দুই পরিবারের আয়োজনে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহে দেখা দেয়। বুধবার সকালে ইকরা আক্তার তার বাপের বাড়ি থেকে তার মা জোসনা বেগমের সাথে স্বামীর বাড়িতে আসে। পরে ইকরা আক্তারের মা ইকরাকে স্বামীর বাড়িতে রেখে নিজ বাড়িতে রওনা দিলে পথিমধ্যে উত্তর পালাখাল আসলে মুঠোফোনে খবর আসে ইকরা আক্তার মারা যায়।


ইকরা আক্তারের মা জোসনা আক্তার ও তার ভাই ইমন হোসেন বলেন, ইকরা আক্তার আত্মহত্যা করতে পারেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ফাঁসের নাটক সাজিয়ে হত্যা করে লাশ খাটের উপর রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বামীর পরিবার অপপ্রচার চালায়। আমরা ইকরা হত্যার সঠিক বিচার চাই। ইকরা আক্তারের মা আরো জানান, আমার মেয়েকে বিয়ের পূর্বে সম্রাট হোসেন নিজেকে অবিবাহিত দাবী করে। পরে জানতে পারি প্রবাসে থাকা অবস্থায় সে কুমিল্লায় জনৈক এক নারীকে বিয়ে করে সংসার করছে। এ বিষয়টি নিয়েই তাদের স্বামী-স্ত্রীর মাঝে দন্দ্ব চলে আসছে। বিভিন্ন সময়ে কারনে-অকারনে মারধর করতো। আমার মেয়ে গলায় মারধরের চিহ্ন রয়েছে। বর্তমানে আমার মেয়ে তিন মাসের অন্তসত্ত্বা বলে তিনি দাবী করেন। তবে এব্যাপারে অভিযুক্ত সম্রাট হোসেনের বক্তব্য জানতে তাকে বাড়িতে পাওয়া যায়নি।


কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ইকরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,

৮ এপ্রিল ২০২৬