কচুয়ায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নেয়ামত উল্লাহকে সংবর্ধনা
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বরকইট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ নেয়ামত উল্লাহ সুমন কুমিল্লা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় তাঁকে বিরল সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা এলাকার সামাজিক সংগঠন ‘জীবনের আলো স্বেচ্ছায় রক্তদান সংগঠন’-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিতারা গ্রামীন স্বাস্থ্যসেবা ডায়াগনষ্টিক সেন্টারের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জীবনের আলো স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সভাপতি মো: জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য মাওলানা মো. ইবরাহীম আহম্মদ এর পরিচালনায় বক্তব্য দেন বিতারা আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক মো: মফিজুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা বশির আহম্মেদ, সাবেক সভাপতি ওহিদুর রহমান প্রধান, সাধারণ সম্পাদক ইব্রাহীম মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বেপারী, জীবনের আলো সংগঠনের সদস্য নাবিল হোসাইন ও ইব্রাহীম কন্ট্রাক্টার প্রমুখ। বক্তারা বলেন, মোহাম্মদ নেয়ামত উল্লাহ দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে গ্রামীন জনপদে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন। তাঁর এই অর্জন শুধু বরকইট ইউনিয়নের জন্যই নয়, বরং সমগ্র কুমিল্লা তথা চাঁদপুর জেলার জন্য গৌরবের বিষয়। বক্তারা
আরও বলেন, মানুষের সেবাকে পেশা হিসেবে গ্রহণ করে তিনি যেভাবে দায়িত্ব পালন করছেন, তা অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তাঁর অবদান অত্যন্ত প্রশংসনীয়। সংবর্ধনা অনুষ্ঠানে মোহাম্মদ নেয়ামত উল্লাহ তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, মানুষের ভালোবাসা ও সহযোগিতাই তাঁকে সামনের দিনগুলোতে আরও ভালোভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। তিনি সবার কাছে দোয়া কামনা করেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩১ জুলাই ২০২৬