কচুয়ায় অধ্যাপক ডা: শহীদুল ইসলাম মেডিকেল সেন্টারে দুর্ধর্ষ চুরি
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজার সংলগ্ন অধ্যাপক ডা: শহীদুল ইসলাম মেডিকেল সেন্টারে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার মধ্যরাতে সাচার বাজার সংলগ্ন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা: শহীদুল ইসলাম এর পরিচালিত হাসপাতালে চুরির এ ঘটনা ঘটে। এসময় সংঘবদ্ধ মুুখোশধারী চোরচক্র হাসপাতালের দক্ষিন পার্শের জানালার গ্রীল ভেঙ্গে কৌশলে প্রবেশ করে হাসপাতালের পাহারাদার মো: দুলাল মিয়াকে হাত-পা বেধে মারধর করে ৪টি সিসি ক্যামেরা, ১টি এক্সরে মেশিন, ২টি ইউপিএস-সহ প্রায় আড়াই লক্ষ টাকার মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়।
হাসপাতালের ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম সর্দার বলেন, রবিবার সন্ধ্যায় আমরা হাসপাতাল বন্ধ করে বাড়ী চলে যাই। রাতে হাসপাতালের স্টাফ দুলাল মিয়া কে হাত-পা বেধে মারধর করে স্টিরের আলমিরা ভেঙ্গে, হাসপাতালে থাকা মূল্যবান মালামাল নিয়ে যায়।
হাসপাতালের পরিচালক, জাতীয় পার্টির শাসনামলের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ডা: শহীদুল ইসলাম জানান, বিষয়টি আমি হাসপাতাল স্টফের মাধ্যমে অবগত হয়েছি। এব্যাপারে থানায় অভিযোগ করার প্রস্ততি চলছে। এ ব্যাপারে কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাচার সহ বিভিন্নস্থানে সংগঠিত চুরির ঘটনায় চরম বিপাকে রয়েছে এলাকাবাসী। চোরদের সনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩০ মার্চ ২০২৬