চাঁদপুরের কচুয়া উপজেলার জগতপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে পুড়ে গেছে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। বুধবার (১৮ মার্চ) ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে প্রায় ২৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। গভীর রাতে বাজারে মানুষ কম থাকায় স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি ইউনিট। স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে অন্তত চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে আনোয়ার হোসেন, ইসরাফিল মিয়া, মোহাম্মদ নুরুল আলম, ইউসুফ আলীর স্যানেটারি দোকান, নূর মোহাম্মদের ফার্নিচার এবং জুয়েল রানার অটো পার্টসের দোকান।
এ ঘটনায় সবচেয়ে হৃদয়বিদারক দিক হলো-আক্তার হোসেন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু। তিনি স্থানীয় শাহ আলম সিএনজি গ্যারেজের কর্মচারী ছিলেন। প্রতিদিনের মতো ওই রাতে তিনি জুয়েল রানার অটো পার্টসের দোকানে ঘুমিয়ে ছিলেন। দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় আগুন লাগার পর তিনি বের হতে পারেননি। পরে তার ভস্মীভূত মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের মাতম বিরাজ করছে।
জগতপুর বাজার ব্যবসা পরিচালনা কমিটির সভাপতি হোসেন ইমাম মুন্সী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা দ্রুত সরকারি সহযোগিতা চাই।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে সেখান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম
১৮ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur