কচুয়ার উন্নয়নে জামায়াত প্রার্থীর ১৬ দফা ইশতেহার ঘোষণা

চাঁদপুর-১ কচুয়া আসনে ১১দলীয় জোটের সমর্থিত জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ন্যায় ইনসাফ ও সমৃদ্ধ কচুয়া বিনির্মাণের অঙ্গীকার নিয়ে মুহাদ্দিস আবু নছর আশরাফী তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার বিকেলে কচুয়া বিশ্বরোডস্থ তৃপ্তি মিনি চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টারে কচুয়া উপজেলা আমির এড. আবু তাহের মেজবাহ এর সভাপতিত্বে ১৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন কুমিল্লা বিশ্বাবিদ্যালয়ের সাবেক শিবিরের সভাপতি শাহাদাত হোসেন।

ইশতেহারে রয়েছে- বৈষম্যহীন আধুনিক ও নিরাপদ কচুয়া বিনির্মান, সকল দলের সৎ ও যোগ্য লোকদের সমন্বয়ে ঐক্যবদ্ধ কচুয়া বিনির্মান, গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামোগত উন্নয়ন, কচুয়া সরকারি কলেজে অনার্স কোর্স চালুকরণ, কওমী মাদ্রাসার সার্বিক উন্নয়নসহ প্রয়োজনীয় অনুদান ব্যবস্থাকরণ, উপজেলার একমাত্র কামিল মাদ্রাসাকে অর্নাস পর্যায়ে উন্নীতকরণ, নিরাপদ পরিবেশে জাতীয় মানের একটি মহিলা কলেজ ও একটি মহিলা মাদ্রাসা স্থাপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণসহ চিকিৎসাসেবার মান বৃদ্ধি, কচুয়ায় বিশেষায়িত একটি হাসপাতাল নির্মাণ, ইউনিয়ন পরিষদসহ সরকারি সকল বরাদ্দে দুর্নীতিমুক্ত সুষম বন্টন নিশ্চিতকরণ, রহিমানগরে পল্লী বিদ্যুতের একটি সাব স্টেশন ও পুলিশ ফাঁড়ি স্থাপন, মিথ্যা ও হয়রানিমূলক মামলা বানিজ্যের মূলোৎপাটনকরণ, গ্রামীণ জনপদকে অগ্রাধিকার দিয়ে টেকসই সড়ক উন্নয়ন, গৌরিপুর থেকে কচুয়া হয়ে হাজীগঞ্জ পর্যন্ত সড়কের ফোর লেন বাস্তবায়ন, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূল, নারীদের সামাজিক মর্যাদা রক্ষায় ইভটিজিং বিরোধী নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠা, বেসরকারি পর্যায়ে বিনিয়োগকারীদের শিল্পকারখানা স্থাপনে উৎসাহ প্রদান, গরিব দুঃখী এতিম বিধবা ও অসহায় ব্যক্তি ও পরিবারকে স্বচ্ছল করার লক্ষ্যে যাকাতভিত্তিক স্বাবলম্বী কচুয়া প্রকল্পের উদ্যোগ গ্রহণ, গ্রামীণ সালিশ দরবারে ন্যায় বিচার প্রতিষ্ঠা, সুদ বিহীন কৃষি লোন প্রদান, সব ধর্মের লোকদের সমানভাবে অধিকারপ্রাপ্তি নিশ্চিতকরণ, সমান্নিত আলেম ওলামাদের ধর্মীয় ও রাষ্ট্রীয় কাজে স্থানীয়ভাবে সম্পৃক্তকরণ, যুব সমাজের খেলাধুলা সহ বিনোদনের লক্ষে সুষ্ঠু সাংস্কৃতিক কর্মসূচী গ্রহণ, সকল পর্যায়ের প্রকল্প বাস্তবায়ন শেষে সরকারি বরাদ্দে আয়ব্যায় কচুয়া বাসীকে অবহিত করা।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কচুয়া আসনের এমপি প্রার্থী জামায়েত নেতা আবু নছর আশরাফী, চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর এড. মাসুদুল ইসলাম বুলবুল, কচুয়া উপজেলা নায়েবে আমীর সিরাজুল ইসলাম, খেলাফতে মজলিসের উপজেলা সভাপতি আদিলুর রহমান, সহ-সভাপতি গিয়াসউদ্দীন মনির, এনসিপির কচুয়া উপজেলার সমন্বয়ক ডা. আরিফুর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৭ ফেব্রুযারি ২০২৬