কচুয়া পশ্চিম সহদেবপুর চেয়ারম্যান প্রার্থী গাজী শফিকের গনসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন চেয়ে আনুষ্ঠানিক নির্বাচনী আগাম প্রচারণা চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী মো: শফিক। নির্বাচনকে ঘিরে তিনি গত বুধবার রাতে কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খিলমেহের গ্রামে স্থানীয় জনসাধারণ ও নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে পথসভা করেন। এতে সভাপতিত্ব করেন বিএনপি’র নেতা মো: শাহ আলম মৃধা ও অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন স্বোচ্চাসেবক দলের আহবায়ক মো: খোরশেদ আলম মৃধা। বক্তব্য দেন বিএনপি নেতা হেদায়াত উল্যাহ সরকার, সোলেমান মৃধা, হাফেজ মো: নাইম পাঠান সহ আরো অনেকে।

এসময় ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মো: শফিক বলেন, বিগত দিনে অনেককেই এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এবার আমাকে একবারের জন্য আপনাদের সেবা করার সুযোগ দিন। নির্বাচিত হলে বেকার সমস্যা সমাধানে ইনসাফ ও ন্যায়ভিত্তিক ইউনিয়ন প্রতিষ্ঠায় কাজ করে যাবো। তিনি আরো বলেন, আমি গরিব ঘরের সন্তান। আমি আপনাদের দু:খ বুঝি। কেউ আমাকে ঠকাবেন না। আমিও আপনাদের কাউকে ঠকাবো না।

এ প্রসঙ্গে কচুয়া উপজেলার সেংগুয়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মো: শফিক বলেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ভাই ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবীর হাতকে শক্তিশালী ও উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে এই ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।