কচুয়ায় সাচার-বড়দৈল সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থী-এলাকাবাসী

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের সাচার বাজার মোড় থেকে বড়দৈল জামতলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার গ্রামীন কাচা সড়কের বেহাল দশায় জনচলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার হাজারো মানুষ ও যানবাহন চালকরা । গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার না হওয়ায় খানা-খন্দ ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সড়কটিতে। ফলে অল্প বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে,চালক, যাত্রী ও এলাকাবাসীর।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটি পাকা করন না করায় স্থানে স্থানে ভেঙ্গে বৃষ্টিতে ছোট-বড় গর্তে পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তার দুই ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টিতে কাঁদা সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত, ট্রাক, সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সাচার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ এ এফ নওশের আলম মিয়া জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন সাচার ডিগ্রী কলেজ, সাচার হাই স্কুলের ছাত্র-ছাত্রীসহ বাজার মুখী এলাকার হাজারো মানুষ আসা-যাওয়া করে। এ সড়কের বেশ কিছু স্থানে মাটিতে কয়েক ফুট গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে সড়কের গর্তগুলো পানিতে ঢাকা পড়ায় বেশিরভাগ গাড়ি, দুর্ঘটনার শিকার হয়ে থাকে। সড়কটি দ্রুত পাকা করন করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান তারা।

চালকরা জানান, বিভিন্ন পণ্যসামগ্রী আনা-নেওয়ার জন্য এই সড়কে যানবাহন চলাচল করে। কচুয়ার সাচার রাস্তাটি এ এলাকার মানুষের যোগাযোগের অন্যতম একটি সড়ক। কিন্তু সড়কটি পাকা করন না হওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক সময় সড়কে গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটছে। এছাড়াও অসুস্থ বয়স্ক রোগীদের হাসপাতালে নিয়ে যেতে ভোগান্তিতে পড়তে হয় গাড়ি চালকদের ।

এ বিষয়ে কচুয়া উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আলীম লিটন চাঁদপুর টাইমসকে বলেন, উপজেলার সাচার ইউনিয়নের সাচার বাজার হতে বড়দৈল জামতলা পর্যন্ত বেহাল সড়কটি আশাকরছি, নতুন অর্থবছরে ওই সড়কের পাকা করনের উদ্যোগ নেয়া হবে।

জিসান আহমেদ নান্নু, ৭ মে ২০২৬