Home / উপজেলা সংবাদ / কচুয়া / ওমানে সড়কে নিহত কচুয়ার প্রবাসী লা/শ দেশে আনতে পরিবারের আকুতি

ওমানে সড়কে নিহত কচুয়ার প্রবাসী লা/শ দেশে আনতে পরিবারের আকুতি

ওমানে কর্মস্থল শেষে বাসায় ফেরার পথে পানি আনতে গিয়ে রাস্তা পাড়াপাড়ের সময় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার ৭দিন পর মারা গেছেন চাঁদপুরের কচুয়ার যুবক মোঃ কাউছার হোসেন (৪০)। নিহত প্রবাসী কাউছার হোসেন কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামের আমির হোসেনের ছেলে। তার লাশ দেশে ফেরত আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ওমান সরকারের হস্তক্ষেপ কামনা করেছে অসহায় পরিবার।


জানা গেছে, উপজেলার কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামের আমির হোসেনের ছেলে প্রায় ৩ বছর আগে সহায়-সম্পত্তি বিক্রি করে পরিবারের মুখে হাঁসি ফোটাতে ওমানে যান। কিন্তু ১৯ শে মার্চ বাংলাদেশ সময়ে রাত ৮টার দিকে একটি মোটরসাইকেল তাকে চাপাদিয়ে গুরতর আহত করে চলে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ওমানের একটি হাসপাতালে ভর্তি করলে ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৫ শে মার্চ বাংলাদেশ সময়ে সকাল ১০টায় তিনি মারা যান। বর্তমানে ১১ দিন ধরে তার লাশ ওমানের একটি হাসপাতালে পড়ে আছে। সঠিক কাগজপত্র ও অর্থ না থাকায় তার লাশ স্বজনরা দেশে আনতে পারছেন না। কাউছার হোসেনের লাশ শেষবারের মতো দেখতে আকুতি জানাচ্ছেন স্বজনরা। নিজ জন্মভূমিতে তাকে দাফন করতে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রধানমন্ত্রী তারেক রহমান, কচুয়ার এমপি ও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও ওমানের রাষ্ট্রদূতের হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার। নিহতের ভাই ইব্রাহিম হোসেন বলেন, কাউছার হোসেনের স্ত্রী, ৩ মেয়ের সংসারে অভাব ছিল নিত্যদিনের। তিনি আরো জানান, জন্মের পর দেখা হয়নি হতভাগ্য বাবা ও মেয়ের।

তার লাশ দেশের মাটিতে ফেরত পেতে সরকারের প্রতি জোর দাবি জানাই। এব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান রাসেল বলেন, প্রবাসী কাউছার হোসেনের লাশ ফেরত আনতে চাইলে তার পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,

৪ এপ্রিল ২০২৬