চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়াম প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রসারে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরিতে যে উদ্যোগ নিয়েছেন, এই আয়োজন তারই বাস্তব। তিনি ক্রীড়াবান্ধব উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে উৎসাহিত করছেন, যাতে শিশুরা মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে সুস্থ পরিবেশে বেড়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, প্রাথমিক স্তর থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি হলে শিক্ষার্থীরা শৃঙ্খলাবোধ, দলগত মনোভাব ও নেতৃত্বগুণ অর্জন করে। এই টুর্নামেন্ট কেবল প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, দলগত চেতনা ও নেতৃত্বগুণ বিকাশের একটি অনন্য প্ল্যাটফর্ম। এ ধরনের টুর্নামেন্ট ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে। নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রবিউল হাসান।
শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মুছাদ্দেক হোসেন।
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন কবির-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা, জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ আরও অনেকে।
টুর্নামেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় ফরক্কাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার আপ হয় মতলব উত্তর ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় হাইমচর চর ভৈরবি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার আপ হয় সদরের হাসাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী, ৭ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur