চাঁদপুরে সৌদির সঙ্গে মিল রেখে দুদিন ঈদ উদযাপন হয়ে আসলেও গতবারের মত এবারও ৩ দিনব্যাপী ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা এলাকায় মাত্র ৭ জন মুসল্লির অংশগ্রহণে ঈদুল ফিতরের নামাজ জামাতে আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) ব্যতিক্রমী জামাত অনুষ্ঠিত হয়। এ নিয়ে নানা বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।

শুক্রবার (২০ মার্চ) চাঁদপুর জেলার হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফসহ বেশকিছু গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হয়েছে। সাদ্রা দরবার শরীফের পীরজাদা আরিফুল্লা চৌধুরী জানান, ১৯২৮ সাল থেকে তারা মুসলিম বিশ্বের সঙ্গে কয়েক ঘণ্টার ব্যবধানে ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং পবিত্র রমজানের রোজা রেখে আসছেন। প্রথমে এসব ঈদের জামাতের লোকজন কম হলেও এখন সারা বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় ঈদ উদযাপন হচ্ছে।
আগাম ঈদ উদযাপন করা গ্রামগুলো হচ্ছে-হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানি, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া উপজেলার কয়েকটি গ্রামের আংশিক।
এদিকে বৈরী আবহাওয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

মসজিদ ও ঈদগাহ ময়দানে প্রধান জামাতে একসঙ্গে নামাজ আদায় করেন চাঁদপুর-৩ (সদর) আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীরা। নামাজ শেষে তিনি প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী ও সুধীজনদের সঙ্গে মুসল্লিদের ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
শনিবার (২১ মার্চ) সকালে চাঁদপুর জেলা শহরের পুরান বাজার ঐতিহাসিক জামে মসজিদ, স্ট্যান্ড রোডস্থ চৌধুরী জামে মসজিদ, ঐতিহাসিক বেগম জামে মসজিদ, বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ এবং চাঁদপুর আউটার স্টেডিয়ামসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
চাঁদপুর টাইমস রির্পোট/
২২ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur