এখন থেকে কোন দালাল আর হাসপাতাল এলাকায় থাকবে না: নবনির্বাচিত এমপি

চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, গত ১৫ বছরে স্বাস্থ্যখাতে কোন উন্নয়ন হয়নি। স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যেই কাজ করা হবে। সামনের দিনগুলোতে যেন মানুষ সঠিক স্বাস্থ্য সেবা পায় সেদিকে সকলে দৃষ্টি রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে চাহিদা তা আপনাদের পূরণ করতে হবে। আপনারা (চিকিৎসকরা) মানুষকে যথাযথ সেবাটা দেন। সময় মতো হাসপাতালে আসেন। আপনারা আমরা সবাই মিলে চেষ্টা করলে যত সমস্যা থাকুক তা কিন্তু সমাধান করা সম্ভব।

শনিবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনারা রোগীদের কথাগুলো শুনবেন। তাদের সমস্যা গুলো শুনবেন। একটি কথা আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে চেষ্টা করলে সকল সমস্যার সমাধান সম্ভব। আপনাদের বিরুদ্ধে অনেক সময় বলতে শোনা যায় সময় মতো হাসপাতালে আসেন না। রোগীদের সাথে সব সময় ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। এখন থেকে কোন দালাল আর হাসপাতাল এলাকায় থাকবে না। যদি থাকে তাদের নাম তালিকা করে দিন আমি ব্যবস্থা নিব।

চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহমেদ কাজলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী।

আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশফাক আহমেদ চৌধুরী।

এর আগে নব নির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে রোগীদের সাথে কথা বলে তাদের সমস্যা গুলো শুনেন।এবং তা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
২২ ফেব্রুয়ারি ২০২৬