একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং চব্বিশের আন্দোলন ইতিহাসের গর্বিত অধ্যায়: ডিসি
চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬ ইং) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যেখানে কৃতজ্ঞ জাতি তার সূর্যসন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রবিউল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.এরশাদ উদ্দিন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হামিদ মাস্টার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বরকন্দাজ, মুক্তিযোদ্ধা ব্যাংকার মজিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য ড. কাজী হাসেম, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শহীদ উল্ল্যাহ ভূঁইয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুস সামাদ এবং সদস্য সচিব সানাউল্লাহ খানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা ও সদর উপজেলার মোট ১৯১ জন বীর মুক্তিযোদ্ধাকে এ অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের প্রতিটি জেলাতেই মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে এ ধরনের আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক নানা আন্দোলন, সবই আমাদের ইতিহাসের গর্বিত অধ্যায়, যা কখনো অস্বীকার করা যায় না।
তিনি আরও বলেন, আপনাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। জেলা প্রশাসক হিসেবে যদি আপনাদের মনে মানবিক আস্থা তৈরি করতে পারি, তবেই আমার দায়িত্ব সার্থক হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আগামী প্রজন্ম সুস্থ, সুন্দর ও মানবিক পরিবেশে বেড়ে উঠবে।
তিনি দেশের বর্তমান উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ আজ উন্নত বিশ্বের কাতারে এগিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে নিয়ে নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। পুরো আয়োজন জুড়ে ছিল কৃতজ্ঞতা, সম্মান এবং আবেগের এক অনন্য পরিবেশ।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/
২৬ মার্চ ২০২৬