চলতি মাসেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে এআই ক্যামেরা
চলতি মাসেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক নিরাপত্তা জোরদার ও ট্রাফিক আইন লঙ্ঘন রোধে বসছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা। এর মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা কার্যক্রম চালু করা হবে। এমনটি জানিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজি ফারুক আহমেদ।
শনিবার (১ আগস্ট) হাইওয়ে পুলিশ জানায়, কুমিল্লা সার্কিট হাউজে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় হাইওয়ে পুলিশের প্রধান এ তথ্য জানান।
অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ বলেন, এআই প্রযুক্তিনির্ভর ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে জরিমানার ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে সড়ক নিরাপত্তা আরও জোরদার হবে, চালকদের মধ্যে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে উঠবে এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।
এর আগে, একই দিন তিনি কুমিল্লা অঞ্চলের নিমসার বাজার এলাকায় সরেজমিনে যানজট পরিস্থিতি পরিদর্শন করেন। পরে কুমিল্লা সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ, এলজিইডি এবং সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে নিমসার বাজারের যানজট নিরসনে করণীয় নিয়ে আলোচনা করেন।
সভায় মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এদিন দুপুরে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত আরেক মতবিনিময় সভায় অতিরিক্ত আইজিপি ফারুক শৃঙ্খলা, পেশাদারত্ব, জনবান্ধব পুলিশিং, মহাসড়কে যানজট নিরসন, ডাকাতি প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে দিক-নির্দেশনা দেন।
পরে বিকেলে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় মহাসড়কে যানজট নিরসন, ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং যাত্রীসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
চাঁদপুর টাইমস ডেস্ক/
১ আগস্ট ২০২৬