আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে হাইমচর উপজেলার নয়ানী, কাঁটাখালী, আলগী ও চরভৈরভী এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন স্থানে আয়োজিত পথসভা ও উঠান বৈঠকে স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি।
পথসভায় বক্তব্যকালে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি সকালেই সবাই ভোটকেন্দ্রে যাবেন। কারো হুমকি-ধামকিতে ভয় পাওয়ার কিছু নেই। ভোট দেওয়া আপনার সাংবিধানিক অধিকার—এই অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে মানুষ দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের শিকার। দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়, সততা ও পরিবর্তনের প্রতীক। আপনারা যদি আমাকে সুযোগ দেন, ইনশাআল্লাহ এই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আপসহীন ভূমিকা রাখবো।
গণসংযোগ কর্মসূচিতে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুস শুক্কুর মোস্তান, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন বাহার, সহ-সেক্রেটারি মাওলানা আবু জাফর সাদিক, উত্তর আলগী ইউনিয়ন আমীর আলহাজ্ব ওমর ফারুক, জামায়াত নেতা মোঃ জাহাঙ্গীর আলম ও সাইফুল ইসলাম ঢালী।
এছাড়াও উপস্থিত ছিলেন ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা হাফিজুর রহমান, হাইমচর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আজমির হোসেন তারেকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি তাদের সমর্থনের কথা প্রকাশ করেন এবং পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া,
৭ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur