আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চাঁদপুরের একটি বাড়ির খামারে নজর কাড়ছে বিশাল আকৃতির দুটি কোরবানির গরু। ‘রাজাবাবু’ ও ‘হামাকর্দ্দির কিং’ নামের গরু দুটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ।
জানা গেছে, আকৃতির দিক থেকেও গরু দুটি বেশ দৃষ্টিনন্দন। ‘রাজাবাবু’র দৈর্ঘ্য প্রায় ৭ ফুট ১০ ইঞ্চি এবং উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। অপরদিকে ‘হামাকর্দ্দির কিং’ এর দৈর্ঘ্য প্রায় ৭ ফুট ৭ ইঞ্চি এবং উচ্চতা ৫ ফুটেরও বেশি।
গরু দুটি চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পীর সাহেবের বাড়ির পাশের বাসিন্দা হাজী নাছির বেপারীর খামারের। তবে দীর্ঘদিন ধরে গরু দুটির পরিচর্যা ও দেখভাল করছেন তার বোনের জামাই শাহিন আলম।
খামার সূত্রে জানা যায়, ক্রস প্রিজিয়াম জাতের গরু দুটি গত পাঁচ বছর ধরে অত্যন্ত যত্নের সঙ্গে লালন-পালন করা হচ্ছে। এর মধ্যে ‘রাজাবাবু’র বয়স ৪ বছর এবং ‘হামাকর্দ্দির কিং’-এর বয়স ৫ বছর।
গরু দুটিকে দেখবাল করা শাহিন আলম জানান, গরু দুটিকে কোনো ধরনের ক্ষতিকর খাবার বা মোটাতাজাকরণ ওষুধ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বড় করা হয়েছে। প্রতিদিন দেশীয় ঘাস, বিভিন্ন ধরনের লতা-পাতা, খৈল, ভূষি ও পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও নিয়মিত পরিচর্যার কারণে গরু দুটির স্বাস্থ্য ও গঠন এখন বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।
হাটে তোলার আগে যদি কারো পছন্দ বা নিতে আগ্রহী হয় তাহলে সরাসরি বাড়ির খামার থেকেই গরু দুটি বিক্রি করা হবে বলে জানিয়েছেন মালিকপক্ষ। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা খামারে এসে গরু দুটি দেখছেন এবং দাম যাচাই করছেন।
খামার মালিক জানান, ‘রাজাবাবু’ ও ‘হামাকর্দ্দির কিং’ এর সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ১২ থেকে ১৩ লাখ টাকা। তবে আগ্রহী ক্রেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে কিছুটা কম মূল্যে বিক্রি করা হতে পারে।
গরু দুটি ক্রয়ে আগ্রহীরা যোগাযোগ করতে পারবেন, ০১৮৫১২২৪৫০৪,০১৬১৯০৭২১৭২।
প্রতিবেদক: কবির হোসেন মিজি
১৫ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur