ঈদের দিনে চাঁদপুর সরকারি হাসপাতালের রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নত মানের বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে ও বিশেষ চিকিৎসাসেবা দেয়া হয়েছে। শনিবার (২১ মার্চ) দিনব্যাপী সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালের সকল ইনডোর রোগীদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
ঈদের দিনে হাসপাতালের পুরুষ, মহিলা, শিশু, গাইনী ও কেবিন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের জন্য বিশেষ মেন্যুর ব্যবস্থা করা হয়। এর মধ্যে সকালে নাস্তা হিসেবে পরিবেশন করা হয় সেমাই, মিষ্টি, পাউরুটি ও কলা। দুপুরে ছিল সুস্বাদু মোরগ পোলাও ও ডিম, আর রাতে পরিবেশন করা হয় সবজি, মুরগির মাংস ও ডাল।
খাবার বিতরণ করেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাসপাতালের খাদ্যের ঠিকাদারী দায়িত্বে থাকা পারভেজ আলম রবিন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের কনসালটেন্ট (সার্জারি) ডা. নুরে আলম মজুমদার। তিনি বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে বিশেষ চিকিৎসা সেবা প্রদান করেন।
ঈদের দিনে পরিবার-পরিজন থেকে দূরে হাসপাতালে অবস্থান করা রোগীদের মাঝে কিছুটা আনন্দ ছড়িয়ে দিতেই প্রতি বছরের মতো এবারও এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন রোগীর সাথে কথা বললে তারা সন্তুষ্টি প্রকাশ করেন। এক রোগী বলেন, ঈদের দিনে হাসপাতালে থাকতে হবে ভেবে খারাপ লাগছিল, কিন্তু এমন আয়োজন ও আন্তরিকতা দেখে অনেক ভালো লাগছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অসুস্থতার কারণে যারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত, তাদের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের উপস্থিতিতে সুষ্ঠু পরিবেশে খাবার বিতরণ সম্পন্ন হয়।
এ ধরনের মানবিক উদ্যোগ রোগীদের মানসিকভাবে সাহস জোগায় এবং চিকিৎসা সেবার প্রতি তাদের আস্থা আরও বৃদ্ধি করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/২১ মার্চ ২০২৬