পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানবাহন চলাচল ও যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আজ থেকে কাজ করবে এই নিয়ন্ত্রণ কক্ষ। গতকাল বুধবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে।
আদেশে বলা হয়, বিআরটিএ সদর কার্যালয়ের তৃতীয় তলায় স্থাপিত এ নিয়ন্ত্রণ কক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং এর আওতাধীন বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ, ঢাকা বিআরটি ও ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন।
নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ১৬১০৭। এ ছাড়া ০১৫৫০-০৫১৬০৬ ও ০১৫৫০-০৫৬৫৭৭ মুঠোফোন নম্বরেও যোগাযোগ করা যাবে। ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত ১১ দিন নিয়ন্ত্রণ কক্ষ পরিচালনা করা হবে।
বিআরটিএর পরিচালক (প্রশাসন) মিজ নাজনীন হোসেনকে নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (এস্টেট) মো. আনিসুর রহমান কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক তদারকির দায়িত্ব পালন করবেন।
পাশাপাশি আরেক অফিস আদেশে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সড়কের কোথাও যাতে যানজট তৈরি না হয় তার জন্য বিভিন্ন মহাসড়কে সরেজমিন মনিটরিং টিম করা হয়েছে। এই টিমও ২১ থেকে ৩১ মে পর্যন্ত দায়িত্ব পালন করবে।
মনিটরিংয়ের আওতায় থাকবে ঢাকা-মানিকগঞ্জ সড়ক, ঢাকা মহানগরী, ঢাকা-টাঙ্গাইল-সিরাজগঞ্জ মহাসড়ক এবং ঢাকা-গাজীপুর-ময়মনসিংহ সড়ক।
এদিকে, পরিদর্শন টিমের যানবাহনকে সেতু বিভাগ ও সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন সড়ক, সেতু ও এক্সপ্রেসওয়েতে টোলমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
২১ মে ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur