ইসলামী যুব আন্দোলনের সভা ও ইফতার মাহফিল
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) চাঁদপুর শহরের বিপনিবাগ আইএবি মিলনায়তনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চাঁদপুর সদর উপজেলা সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং কারী মুহাম্মদ মোস্তফা পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি কে. এম. ইয়াসিন রাশেদসানী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও নৈতিক চরিত্র গঠনের মাস। রমজান শুধু সিয়াম সাধনার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। তিনি আরও বলেন, যুবসমাজকে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আদর্শিক ও নৈতিক জীবন গঠনে এগিয়ে আসতে হবে এবং সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হেলাল আহমাদ, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. বেলাল হোসাইন, সাঈদ ইসলাম সাদ্দাম, মুহাম্মদ রিয়াদ হোসেন, মাওলানা হাবিবুর রহমান বিন নুরী, হাফেজ তানজিম পাটোয়ারী, মাওলানা সোহরাব হোসাইন প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
২৭ ফেব্রুয়ারি ২০২৬