“শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই”—এ স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর শুক্রবার বিকেল ৩ টায় হাইমচর উপজেলা সদর আলগী বাজার দুর্গাপুর হাইস্কুলের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন হাইমচর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে উপজেলা সভাপতি ডা. মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ হানিফ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ হানিফ বলেন, দেশের মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন শুধু নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে সম্ভব নয়; এর জন্য প্রয়োজন নীতির পরিবর্তন এবং আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা। ন্যায়, ইনসাফ, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার পরিবেশ তৈরি করতে হবে। তিনি ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মানুষের পাশে থেকে সংগঠনের আদর্শ ও নীতির কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নুরুদ্দিন খান ও সাংগঠনিক সম্পাদক এইচ এম নিজাম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা মো. বোরহান উদ্দিন, সাবেক ছাত্রনেতা মাওলানা ফারুকুল ইসলাম, উপজেলা যুব আন্দোলনের সাবেক সহ-সভাপতি শরীফ মো. মাছুম বিল্লাহ, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি রিপন মুন্সি, উপজেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি সোহাগ তালুকদার, উত্তর ইউনিয়ন সভাপতি মো. ইমাম হোসাইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশ ও জনগণের কল্যাণে নৈতিকতা, আদর্শ ও জবাবদিহিতাভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। এ জন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
২ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur