ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, ইসলামের নাম ব্যবহার করে যারা ইসলামী আইনে দেশ পরিচালনা করতে চায় না, তারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তিনি অভিযোগ করেন, এ দেশের মানুষকে বারবার ধর্ম ও শাসনের নামে প্রতারিত করা হয়েছে; এবার সেই প্রতারণার রাজনীতির অবসান ঘটাতে হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আল্লামা মুকবুল হোসাইনের সমর্থনে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, গত ৫৪ বছরে অনুষ্ঠিত কোনো নির্বাচনেই জনগণের ভোটের প্রকৃত মূল্যায়ন হয়নি। নির্বাচনে বিজয়ী দল ও রাজনীতিবিদরা বারবার অনিয়ম, দুর্নীতি ও শোষণের রাজনীতিতে জড়িয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বারবার ভূলুণ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি নয়, নীতির রাজনীতি করতে চায়। পরিপূর্ণ ইসলামী শাসনব্যবস্থা কায়েমের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মুসলমানসহ সব ধর্মের মানুষের জন্য একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলাই তাদের লক্ষ্য। যারা শাসনের নামে ইসলামের সঙ্গে প্রতারণা করেছে, জনগণকে এবার তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ারও আহ্বান জানান।
অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, দেশে প্রায় ৭০ হাজার মাদ্রাসা এবং প্রায় ২২ লাখ আলেম-ওলামা দ্বীনের খেদমতে নিয়োজিত রয়েছেন। এমন দেশে ইসলামী আইন ছাড়া অন্য কোনো শাসনব্যবস্থা টেকসই হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ইসলামী আইনই এ দেশের ভবিষ্যৎ এবং একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের স্বপ্নদ্রষ্টা হচ্ছেন পীর সাহেব চরমোনাই।
জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মুকবুল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান জাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান এবং ইসলামী শ্রমিক আন্দোলনের চাঁদপুর জেলা শাখার সহসভাপতি মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী জনসভায় বক্তব্য রাখেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
৮ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur