‘ইউনিয়ন ভূমি অফিসেও ভূমিসেবা সহজীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে’

চাঁদপুর সদর উপজেলা ভূমি কর্তৃপক্ষের সঙ্গে সনাক ও এসিজির অ্যাডভোকেসি সভা রবিবার ২৪ বিকেল ৪ টায় সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সনাকের সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রণি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সদর উপজেলার পাশাপাশি সকল ইউনিয়ন ভূমি অফিসেও ভূমিসেবা সহজীকরণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ভূমিসেবা প্রদান করতে গিয়ে যেসব ত্রুটি পরিলক্ষিত হয়, সেগুলো সনাক ও এসিজি তুলে ধরছে। এসব ত্রুটি ক্রমান্বয়ে সমাধানের চেষ্টা করা হবে। একই ধারাবাহিকতায় ভবিষ্যতেও উত্থাপিত সমস্যাগুলোর সমাধান করা হবে। তিনি বলেন, নামজারি-সংক্রান্ত সেবাগুলো আমরা ধারাবাহিকভাবে উন্নত করছি। দ্রুত ও স্বল্পতম সময়ের মধ্যে নামজারি সেবা প্রদানের ক্ষেত্রে বর্তমানে চাঁদপুর সদর উপজেলা জেলার মধ্যে সবচেয়ে অগ্রগামী। গড়ে মাত্র ১০ দিনের মধ্যেই আমরা এ সেবা প্রদান করছি। তিনি আরও বলেন, প্রত্যেকটি নামজারির যথাযথ নিষ্পত্তি করা হচ্ছে, যা ভবিষ্যতে মিসকেস রিভিউ প্রক্রিয়া অনেকাংশে কমিয়ে আনছে। তিনি জানান, সদর উপজেলা ভূমি অফিসে দালাল বা তৃতীয় পক্ষের কোনো সুযোগ নেই। সেবা গ্রহণের ক্ষেত্রে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তিনি তা সমাধানের ব্যবস্থা নেবেন। অন্য কোনো ব্যক্তি বা পক্ষের মাধ্যমে সেবা নিতে গেলে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে ভূমিসেবা বিষয়ে তথ্যের কোনো ঘাটতি নেই। সদর উপজেলা ভূমি অফিসে সিটিজেন চার্টারসহ সকল তথ্য হালনাগাদ রয়েছে এবং অফিসের বিভিন্ন স্থানে টানানো আছে। এ ধরনের একটি অ্যাডভোকেসি সভা আয়োজনের জন্য তিনি সনাক ও এসিজিকে ধন্যবাদ জানান।

টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় সভাপতির বক্তব্যে সনাক সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী বলেন, হয়রানিমুক্ত ভূমিসেবা প্রদানে সদর উপজেলা অনেকটাই এগিয়ে গেলেও ইউনিয়ন ভূমি অফিসগুলোর সেবাকে আরও হয়রানিমুক্ত করতে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বর্তমান সদর উপজেলা ভূমি কর্তৃপক্ষ সেবা প্রদানে আন্তরিকতার পরিচয় দিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সেবাগ্রহীতাদেরও ভূমিসেবা গ্রহণের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। দ্রুত ও তাৎক্ষণিক সেবা পাওয়ার আশায় অনেক সময় তারাও ভুল পথে পা বাড়ান। তিনি আরও বলেন, ভূমি খাতে সুশাসন প্রতিষ্ঠা তথা ভূমিসেবা সহজীকরণে এসিজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে। ফলপ্রসূ এ সভায় উপস্থিত থাকার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত বলেন, সনাক পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে ভূমিখাতের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করে আসছে। ভবিষ্যতে সনাক কর্তৃক চিহ্নিত সমস্যা বা ইস্যুগুলো আরও বেশি প্রমাণভিত্তিক করার বিষয়ে প্রচেষ্টা নেওয়া হবে। তিনি বলেন, আজ কর্তৃপক্ষের পক্ষ থেকে যেসব পদক্ষেপ ও প্রতিশ্রুতির কথা বলা হয়েছে, সেগুলো বাস্তবায়িত হলে ভবিষ্যতে ভালো কিছু অর্জন সম্ভব হবে।

সভায় কমিউনিটি অ্যাকশন মিটিং থেকে প্রাপ্ত সমস্যা ও সুপারিশ তুলে ধরেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন সনাকের সহ-সভাপতি অ্যাডভোকেট পলাশ মজুমদার, সনাক সদস্য মোঃ খোরশেদ আলম পাটওয়ারী, এসিজি (ভূমি)-এর সমন্বয়ক উজ্জ্বল হোসাইন, সহ-সমন্বয়ক অভিজিৎ রায়, গ্রুপ সদস্য সাইফুল ইসলাম আকাশ, মোঃ বাদশা ভূঁইয়া, শাহ আমানত উল্লাহ ও খোদেজা বেগম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইয়েস দলনেতা জান্নাতুল ফেরদৌস ও উম্মে হাবিবা এবং টিআইবির কর্মীবৃন্দ।

=> মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ২৪ মে ২০২৬