‘আলোর দিশা’- দুশতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ
মানবতার কল্যাণে এগিয়ে চলা স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশা-র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুই শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মাঝে এই ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা।
ইফতার বিতরণ কর্মসূচিতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাগর বিশ্বাস বলেন, “আলোর দিশা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ আলোর দিশা প্রতিষ্ঠিত না হলে হয়তো জীবনের প্রকৃত মর্ম উপলব্ধি করতে পারতাম না। আলোর দিশা পরিবারের সঙ্গে যুক্ত সকল প্রবাসী মানবতার সৈনিক এবং সব সময় সংগঠনের পাশে থাকা সকল স্বেচ্ছাসেবীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে সমাজের বিত্তবান মানুষের প্রতি অনুরোধ—আপনারা মানবতার হাত বাড়িয়ে দিয়ে আলোর দিশাকে আরও শক্তিশালী করতে সহযোগিতা করুন। আমরা শুধু রাজবাড়ী নয়, দেশব্যাপী কাজ করতে চাই, যা আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় সম্ভব।”
সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মিথুন বলেন, “রমজান একটি পবিত্র মাস। আল্লাহ তাআলা এই মহান রমজান মাসে আলোর দিশা সংগঠনের মাধ্যমে মানবিক কাজ করার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমি শুকরিয়া আদায় করছি। সকলের প্রতি অনুরোধ—আপনারা আলোর দিশা সংগঠনের পাশে থাকবেন। আপনাদের সহযোগিতায় আলোর দিশার আলো আরও উজ্জ্বল হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম দপ্তর সম্পাদক তপু কুমার, প্রচার সম্পাদক চন্দন কুমার সোম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অয়ন কুমার ব্রহ্ম, বিশাল আহমেদ, আলিফসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
উল্লেখ: অনলাইনভিত্তিক এই সংগঠনটি ২০২৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা সম্মিলিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এর মধ্যে রয়েছে রক্তদান কর্মসূচি, বস্ত্র বিতরণ, দরিদ্র মানুষের চিকিৎসার ব্যবস্থা, দরিদ্র পরিবারের শিশুদের লেখাপড়ায় সহায়তা, অসচ্ছল পরিবারের কন্যাদের বিয়েতে আর্থিক সহযোগিতা, ঈদে ঈদের বাজারসামগ্রী বিতরণ এবং রমজানে ইফতার বিতরণসহ বিভিন্ন উৎসব ও দুর্যোগময় সময়ে মানবিক সহায়তা প্রদান।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৬ মার্চ ২০২৬