‘আমি’ নয়, ‘আমরা’—এই চেতনায় সম্মিলিতভাবে কাজ করতে হবে: সংসদ সদস্য

চাঁদপুরের ৮০টি দপ্তরের প্রধানদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৩ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

সভায় নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, জনগণের জন্য কাজ করার মূল কারিগর হচ্ছেন আপনারা বা এই জেলার দপ্তর প্রধানরা। একা কারও পক্ষে উন্নয়ন সম্ভব নয়। ‘আমি’ নয়, ‘আমরা’—এই চেতনা ধারণ করে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চাঁদপুরকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বয় অত্যন্ত জরুরি।

মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর বার্তা দিয়ে বলেন, একদিনে মাদক সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়, তবে নিয়ন্ত্রণে আনা অবশ্যই সম্ভব। প্রশাসন, পরিবার ও সমাজ একসাথে কাজ করলে মাদকের বিস্তার কমানো যাবে। একইসঙ্গে কিশোর গ্যাং দমনে চলমান উদ্যোগ জোরদার করার আহ্বান জানান তিনি।

শিক্ষা ও স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে বলেন, অনেক ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত হয় না। তিনি সিভিল সার্জনকে অধীনস্থদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন।শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির অসামঞ্জস্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কলেজে ভর্তি হয় ৭০ জন, অথচ নিয়মিত ক্লাস করে মাত্র ১০ জন—এই অবস্থা চলতে পারে না। এ সমস্যা সমাধানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়মিত অভিভাবক সমাবেশ ও ওরিয়েন্টেশন সভা আয়োজনের আহ্বান জানান তিনি।

ইপিজেড, চার লেন সড়ক ও বিশুদ্ধ পানির মেগা প্রকল্পের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, চাঁদপুরে দুটি ইপিজেড স্থাপনের চিন্তা রয়েছে। অন্তত একটি দ্রুত বাস্তবায়ন করা গেলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। চাঁদপুর-হাইমচর সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা খাল খনন ও নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ। স্বচ্ছতার সঙ্গে খাল খনন কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া ২৩০০ কোটি টাকার একটি বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান, যা বাস্তবায়িত হলে চাঁদপুর ও কুমিল্লা অঞ্চলের মানুষ দীর্ঘমেয়াদে উপকৃত হবেন।

পৌর পরিকল্পনা, খেলাধুলা ও যানজট নিরসন
পৌরসভার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে গতি আনার ওপর গুরুত্বারোপ করে এমপি বলেন, অনেক সময় পরিকল্পনা গ্রহণ করা হলেও তা বাস্তবায়ন হয় না—এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। জেলায় খেলাধুলার পরিবেশ উন্নয়ন, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, বালু সংক্রান্ত সহিংসতা বন্ধ এবং পাসপোর্ট অফিসের অনিয়ম দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি। হাসপাতালকে দালালমুক্ত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার
সভায় তিনি বলেন, আমরা যদি দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে মানুষের ভোগান্তি অনেকাংশে কমে যাবে। জনগণের সেবাকে প্রাধান্য দিয়ে কাজ করলে চাঁদপুরকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও বাসযোগ্য জেলায় রূপান্তর করা সম্ভব।

জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, চাঁদপুর সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের প্রফেসর অধ্যক্ষ আব্দুল মান্নান, এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবির, শিক্ষা প্রকাশন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফ, সড়ক বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী আলিউর হোসেন, গণপূর্ত বিভাগ চাঁদপুরে নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর জেলা কারাগারে জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী হিমাদ্রিক হিসা, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট শোয়েবুর রহমান, চাঁদপুর নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা, জেলা বিএনপি সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ চাঁদপুরের ৮০টি দপ্তরের কর্মকর্তারা।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক
২৩ ফেব্রুয়ারি ২০২৬