সংযুক্ত আরব আমিরাতে ইরান–ইসরায়েল যুদ্ধের চলমান উত্তেজনার মধ্যে আবারও এক বাংলাদেশি প্রবাসীর প্রাণহানির ঘটনা ঘটেছে। ফুজিরা প্রদেশের আল রিফা এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে মো. শাহ আলম ভূঁইয়া নামের এক প্রবাসী নিহত হয়েছেন।
নিহত শাহ আলম ভূঁইয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরোইন এলাকার হানিফ ভূঁইয়ার ছেলে। তিনি ফুজাইরা আল রিফা এলাকায় একটি কৃষি খামারে কর্মরত ছিলেন।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে শাহ আলম কর্মরত অবস্থায় ছিলেন। এ সময় ইরান থেকে নিক্ষিপ্ত একটি ড্রোন সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে। ড্রোনটি আকাশেই ধ্বংস হলেও এর ধ্বংসাবশেষ নিচে পড়ে খামার এলাকায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এর আগে আজমান প্রদেশে সালেহ উদ্দিন (ওরফে আহমদ আলী) নামে আরও এক বাংলাদেশি একই ধরনের ঘটনায় নিহত হন। এ নিয়ে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতে দুইজন বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৯০ জন।
এদিকে নিহতের খবর পেয়ে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনস্যুলেটের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। দূতাবাস জানিয়েছে, মরদেহ শনাক্তকরণ শেষে দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, চলমান এই সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা বাহিনী এখন পর্যন্ত ৪৩৮টি ব্যালিস্টিক মিসাইল, ১৯টি ক্রুজ মিসাইল এবং ২০১২টি ড্রোন প্রতিহত করেছে।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur