সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ফরিদগঞ্জ গড়াই আমাদের লক্ষ্য: মেয়র প্রার্থী মতিন
হিংসা, মারামারি, সন্ত্রাস ও মাদকমুক্ত এবং সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি নিরাপদ, আধুনিক ও মানবিক ফরিদগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন চাঁদপুর জেলা যুবদলের সদস্য, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও পৌর মেয়র পদপ্রার্থী মো. আব্দুল মতিন।
তিনি বলেন, আমরা এমন একটি ফরিদগঞ্জের স্বপ্ন দেখি, যেখানে প্রতিটি নাগরিক শতভাগ নিরাপদ থাকবে এবং কোনো হিংসা-বিদ্বেষ, হানাহানি কিংবা মাদকের ভয়াল থাবা থাকবে না। আমাদের অভিভাবক বিএনপি নেতা মোতাহার হোসেন পাটওয়ারী যে উন্নয়নমুখী, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়াবান্ধব আধুনিক ফরিদগঞ্জের স্বপ্ন দেখছেন-সেই স্বপ্ন বাস্তবায়নের একজন বিনম্র সহযাত্রী হিসেবে আমি আপনাদের সকলের দোয়া, সমর্থন ও সাহায্য প্রার্থনা করছি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ফরিদগঞ্জ থানার সামনে অবস্থিত ঐতিহ্যবাহী ‘শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিওর আখড়া’ ও ‘দাসপাড়া পূজা মণ্ডপ’ পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এদিন তিনি ফরিদগঞ্জ পৌরসভার ও আশপাশের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনের সময় প্রতিটি পূজা মণ্ডপের পরিচালনা কমিটির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজা উদযাপন কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন।
উপস্থিত ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে যুবদল নেতা আব্দুল মতিন বলেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ একটি অসাম্প্রদায়িক দেশ। আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর নির্দেশনায় এবার সারা দেশে সনাতন ধর্মাবলম্বীরা আনন্দঘন পরিবেশে পূজা উদ্যাপন করছেন। আমি প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের নেতা মোতাহার হোসেন পাটওয়ারীর পক্ষ থেকে আপনাদের সবাইকে বিজয়ার আন্তরিক শুভেচ্ছা জানাই।
নিজের ভবিষ্যৎ রাজনৈতিক ভাবনা তুলে ধরে আব্দুল মতিন আবেগঘন কণ্ঠে বলেন, আমি এক অতি সাধারণ পরিবারের সন্তান। সংগ্রাম করে জীবনে যে সম্মান পেয়েছি, তা আমার প্রাপ্তির চেয়েও অনেক বেশি। চাওয়া-পাওয়ার কিছু নেই। সাধারণ মানুষের দুঃখ-কষ্ট আমি বুঝি। জীবনযাত্রার বাকিটা সময় সাধারণ মানুষের কল্যাণে উৎসর্গ করতে চাই। সুযোগ পেলে জীবনের শেষবিন্দু দিয়ে একটি আধুনিক ফরিদগঞ্জ উপহার দেব।
পূজা মণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময়কালে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, যুবদল ও বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।
ফরিদগঞ্জ প্রতিনিধি/
২১ অক্টোবর ২০২৬