আইন অমান্য করে নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকতে হবে: ডিসি
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর চরাঞ্চলের জেলেদের নিয়ে ‘বিশেষ কম্বিং অপারেশন ২০২৬’ উপলক্ষে এক বিশাল জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাইমচরের ৪নং নীলকমল ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, “ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় জাটকা ও মা ইলিশ নিধন বন্ধে কোনো আপস করা হবে না। সরকার জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে, তাই আইন অমান্য করে নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, বাংলাদেশ সেনাবাহিনী ২১ বীর উপ-অধিনায়ক মেজর সৈয়দ কামরুল হাসান (পিএসসি), চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ আবু তাহের, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা নিষিদ্ধ কারেন্ট জাল, বেহুন্দি জালসহ ক্ষতিকর সরঞ্জামাদি ব্যবহার না করার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান। বিশেষ কম্বিং অপারেশন চলাকালীন নৌ-পুলিশ, কোস্টগার্ড ও জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়।
নীলকমল ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিতিতে স্থানীয় জেলেরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং জাটকা রক্ষায় প্রশাসনের সাথে একাত্মতা প্রকাশ করেন। সভা শেষে নদী এলাকায় বিশেষ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)
৫ ফেব্রুয়ারি ২০২৬