আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কঠোর হস্তে দমন করা হবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে ফরিদগঞ্জ এআর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) এমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেলের নির্বাচনী সেক্টর ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপার মুকুল চাকমা। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনে কোনো ধরনের সহিংসতা বা আইনশৃঙ্খলা বিঘ্নের চেষ্টা হলে তা কঠোর হস্তে দমন করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সেটু বড়ুয়া, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ফারহান এবং জেলা আনসার ও বিজিবির কমান্ডার মোর্শেদা। বক্তারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ফোর্স সদস্যদের দায়িত্ব পালনে সতর্কতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন।
ব্রিফিংয়ে জানানো হয়, প্রতিটি ভোটকেন্দ্রে কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য ফিক্সড ক্যামেরা ও বিশেষ সুরক্ষা অ্যাপ ব্যবহারের নির্দেশনা প্রদান করা হয়েছে। কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য প্রযুক্তিনির্ভর ব্যবস্থাও রাখা হয়েছে।
সভায় আরও জানানো হয়, ফরিদগঞ্জ উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনে মোট ২ হাজার ১২০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। তারা ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় টহল, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে কাজ করবেন।
ব্রিফিং প্যারেডে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, আনসার, বিজিবি এবং বিভিন্ন সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় ফরিদগঞ্জে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রতিবেদক: শিমুল হাছান
১১ ফেব্রুয়ারি ২০২৬