উচ্চ আদালতে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব পালনের জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়োগের মাধ্যমে আগে দায়িত্বে থাকা ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়োগাদেশ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট অনুবিভাগের বিভিন্ন তারিখের স্মারকের মাধ্যমে পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগাদেশ বাতিল করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের সঙ্গে নবনিযুক্ত ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তারা উচ্চ আদালতে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব পালন করবেন।
১ আগস্ট ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur