কচুয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে শিক্ষক পরিবারে ভয়াবহ ডাকাতি
চাঁদপুরের কচুয়া উপজেলার তেগুরিয়া এলাকায় এক অবসরপ্রাপ্ত শিক্ষক পরিবারের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় মুখোশধারী ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুর পাটোয়ারীর বাড়িতে রাতের আঁধারে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল প্রবেশ করে। পরিবারের সদস্যদের অভিযোগ, ডাকাতরা প্রথমে বাড়ির কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢোকে। এরপর ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে সবাইকে জিম্মি করে ফেলে। আতঙ্ক ছড়িয়ে তারা ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে আলমারি ভেঙে নগদ ১ লাখ ১০ হাজার টাকা, প্রায় ২ ভরি স্বর্ণ, ২ ভরি রূপা এবং ২টি মোবাইল ফোন লুট করে নেয়।
ক্ষতিগ্রস্ত আব্দুল গফুর মাস্টার ও তাঁর স্ত্রী রৌশনারা বেগম জানান, গভীর রাতে হঠাৎ শব্দ পেয়ে জেগে ওঠেন তারা। কিছু বুঝে ওঠার আগেই মুখোশধারীরা ঘরে ঢুকে পড়ে এবং অস্ত্র ঠেকিয়ে সবাইকে চুপ থাকতে বাধ্য করে।
তারা বলেন, ডাকাতরা খুবই সংগঠিত ছিল। তারা ঘরের প্রতিটি কোণা তল্লাশি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
পরিবারের সদস্য তানভীর পাটোয়ারী মানিক জানান, এর আগেও তাদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। সাম্প্রতিক এ ঘটনার পর পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। শিশু ও নারী সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম
২২ ফেব্রুয়ারি ২০২৬