Home / সারাদেশ / দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২ শ ৩৯ টাকা : অর্থমন্ত্রী
loan -----

দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২ শ ৩৯ টাকা : অর্থমন্ত্রী

চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২ শ ৩৯ টাকা । জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ৬ সেপ্টেম্বর সংসদ সদস্য রেজা আহমেদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন,জনগণের ওপর মাথাপিছু ঋণের বোঝা কমাতে সরকার রাজস্ব আদায় বাড়ানো, সরকারি অর্থায়নের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনাকে আরও শৃঙ্খলাবদ্ধ করার ওপর জোর দিচ্ছে।

মন্ত্রী জানান,কর ও কর-বহির্ভূত রাজস্ব আদায়ের পরিধি বাড়ানোর পাশাপাশি সরকারের নিজস্ব আয় বৃদ্ধি করে ঋণের প্রয়োজনীয়তা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে সরকারি ব্যয়কে আরও সাশ্রয়ী ও কার্যকর করা এবং অপ্রয়োজনীয় ও কম অগ্রাধিকারপ্রাপ্ত ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে সরকারের অর্থায়নের চাপ কমানোর পরিকল্পনা রয়েছে।

সরকারি ঋণের সুদের হার ও পুনর্বিত্তায়নের ঝুঁকি কমাতেও বাজারভিত্তিক ও শৃঙ্খলাবদ্ধ ঋণ ব্যবস্থাপনার নীতি অনুসরণ করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। এ জন্য সরকারি সিকিউরিটিজ বাজারকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করার পাশাপাশি অভ্যন্তরীণ ঋণের বাজার সংস্কার এবং বিনিয়োগকারীর ভিত্তি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সঞ্চয়পত্রের মাধ্যমে অতিরিক্ত ঋণ গ্রহণ নিয়ন্ত্রণে নির্ধারিত সীমা অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি সঞ্চয়পত্রের সুদ বা মুনাফার হারকে বাজার পরিস্থিতি ও প্রচলিত সুদের হারের সঙ্গে সঙ্গতিপূর্ণ করার উদ্যোগ নেয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এসব উদ্যোগের মাধ্যমে অপেক্ষাকৃত উচ্চ সুদের ঋণের ওপর নির্ভরতা কমানো,সরকারের সামগ্রিক সুদ-ব্যয় নিয়ন্ত্রণে রাখা এবং আরও ভারসাম্যপূর্ণ ঋণ পোর্টফোলিও গড়ে তোলা সম্ভব হবে। এ ছাড়া অতিরিক্ত ও অপরিকল্পিত ঋণ গ্রহণ এড়াতে একটি বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা প্রণয়ন ও তা অনুসরণের ওপর জোর দিচ্ছে সরকার।

৭ সেপ্টেম্বর ২০২৬
এ জি