অবৈধ বালু উত্তোলনে হুমকিতে হাইমচর মেঘনা নদী রক্ষা বাঁধ
চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় নদী তীর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
উপজেলার চরভৈরবী ইউনিয়নের ১ নং গাজীনগর এলাকায় নদী রক্ষা বাঁধ সংলগ্ন কয়েক একর বালুচর ড্রেজার দিয়ে কেটে নেওয়ায় সেখানে এখন সৃষ্টি হয়েছে গভীর পানির অংশ। ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটি চরম ঝুঁকিতে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মেঘনার তীরে জেগে ওঠা ওই বিস্তীর্ণ বালুচরটি দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের খেলাধুলার একমাত্র জায়গা ছিল।
গত সোমবার বিকালেও সেখানে ফুটবল খেলা হয়েছে। কিন্তু মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে গিয়ে তারা দেখেন, রাতের আঁধারে ড্রেজার দিয়ে বালু কেটে নেওয়ায় পুরো মাঠটি বিলীন হয়ে গেছে, সেখানে এখন শুধু পানি।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা দুলু মুন্সি ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিন আগেও এখানে ছেলেরা খেলাধুলা করেছে। সকালে এসে দেখি কিছুই নেই। বালু কেটে নেওয়ায় এখন বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাঁধ ভেঙে গেলে আমাদের ঘরবাড়ি নদীতে তলিয়ে যাবে।
ঘটনার পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সাতজনকে আসামি করে হাইমচর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে বিভিন্ন জেলার বাসিন্দারা রয়েছেন।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, এ ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে। বাকি দুই আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় জানান, ঘটনাস্থল পরিদর্শনের পর পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় স্টকে থাকা ব্লক এনে প্রাথমিকভাবে ভাঙন ঠেকানোর কাজ শুরু করা হয়েছে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/
৯ এপ্রিল ২০২৬