অবসরপ্রাপ্ত ৪৪ হাজার শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রায় ৪৪ হাজার কল্যাণ সুবিধা প্রাপ্তির আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, অনিষ্পন্ন প্রায় ৪৪ হাজার আবেদন নিষ্পত্তির জন্য এককালীন প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকার অতিরিক্ত অর্থের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং আবেদনসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।
আজ সংসদে যশোর-৪ আসনের বিরোধী দলের সদস্য মো. গোলাম রছুলের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য সুবিধা দ্রুত প্রদানের লক্ষ্যে সরকার ও কল্যাণ ট্রাস্ট বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে ২০২৫-২০২৬ অর্থবছরে ৯ হাজার ২৮৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে ৫৫৩ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৮৭৪ টাকা কল্যাণ সুবিধা প্রদান করা হয়েছে।
৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত জমাকৃত সকল আবেদন নিষ্পত্তি করেই এর মাধ্যমে সুবিধাভোগীদের নিজ নিজ ব্যাংক হিসাবে অর্থ প্রেরণ করা হয়েছে। জুন ও জুলাই ২০২৩ পর্যন্ত জমাকৃত আবেদনসমূহ নিষ্পত্তি করে অর্থ পরিশোধের কার্যক্রম প্রস্তুত করা হয়েছে।
১৫ জুন ২০২৬
এ জি