অপরাধীদের স্থান মতলবের মাটিতে হবে না : সংসদ সদস্য ড.জালাল

চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব ড. মো.জালাল উদ্দিন বলেছেন, সকলের সহযোগিতায় মাদকমুক্ত একটি সুন্দর মতলব গড়তে চাই। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমামের সভাপতিত্বে ড.মো.জালাল উদ্দিন এমপি আরো বলেন, মাদককে নির্মুল করতে হলে প্রত্যেকে প্রত্যেকের পরিবার থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।সন্তানদের প্রতি একজন বাবা ও মায়ের সবচেয়ে গুরু দায়িত্ব হচ্ছে সন্তানের ভাল ও মন্দের খোঁজ খবর নেয়া।

তিনি মাদক,চাঁদাবাজ, সন্ত্রাস ও ভূমিদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, এসব অপরাধীদের স্থান মতলবের মাটিতে হবে না।সে যত বড় নেতাই হোক আমি এ এলাকার এমপি হিসেবে যতদিন আছি এবং থাকবো ততোদিন মাদক,সন্ত্রাসী ও চাঁদাবাজি করতে পারবে না। তাদের জায়গা হবে শুধু জেলখানায়। তিনি হিন্দু সম্প্রদায়ের বিষয়ে বলেন,তারা যেন তাদের ব্যবসা, বানিজ্য এবং শান্তিতে বসবাস করতে পারে সেদিকে দলীয় নেতাকর্মীদের সর্বদা দৃষ্টি রাখতে হবে।

উন্নয়নের বিষয়ে তিনি বলেন, মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার সমস্যাগুলোর ধাপে ধাপে সমাধান করবো। নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে আমরা কাজ করবো। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর দেশ গড়ে তুলব। আমরা জনগনের ভোটে নির্বাচিত হয়েছি। আমরা একটি সুন্দর দেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ।

সভায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো.হাফিজুর রহমান,মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব দক্ষিণ উপজেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি ও পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান সরকার, মতলব সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আইনুন নাহার কাদরী, মতলব দক্ষিণ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল মোল্লা,আবদুল্লাহ আল মামুন,গোলাম মোস্তফা মিয়া,শহীদ উল্লাহ প্রধান, ইকবাল হোসেন হাওলাদার প্রমুখ।

আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১০ মার্চ ২০২৬