অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে হাজীগঞ্জ বিএনপি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (রাত ২টার দিকে) হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বাউড়া সুলতান হাজী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মিজানুর রহমান, যিনি স্থানীয় কৃষকদলের একজন সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে প্রথমে এলাকাবাসী নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মোহাম্মদ বাহার উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে বসতঘরের ৪টি কক্ষসহ ভেতরে থাকা আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক ইসলাম কিরণ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।
অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন করে ঘর নির্মাণের জন্য সরকারি সহায়তা হিসেবে টিন প্রদান করা হবে।
৫ এপ্রিল ২০২৬
এ জি