বাংলাদেশ কিডসগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী অক্সফোর্ড মডেল স্কুল, চাঁদপুরের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বেলা ১১টায় চাঁদপুর শহরের ফয়সাল শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় বৈশাখী চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট হান্নান কাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়া এবং চাঁদপুর রিয়েল এস্টেটের ডিএমডি রাহাদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অক্সফোর্ড মডেল স্কুলের অধ্যক্ষ হাফেজ আবু নাছির মিজি। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাবির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য নির্ভর করে শিক্ষার্থীদের অর্জনের ওপর। অক্সফোর্ড মডেল স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি লাভের মাধ্যমে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছে। তারা ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য বজায় রেখে বিদ্যালয়, পরিবার এবং দেশের সুনাম বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো কেজি শ্রেণির আফসানা আকতার, প্রথম শ্রেণির রাইশা ইসলাম, মেহেরিন জারা, ফারহা ইয়ানুর ও জিসান আহমেদ, দ্বিতীয় শ্রেণির রুফাইদা ইসলাম ও সায়মুন আলাম এবং চতুর্থ শ্রেণির ওসমান।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সুধীজনদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/ ২০জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur