এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ১ ডিসেম্বর
সম্প্রতি চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। এ পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ফরম পূরণ করতে হবে ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর।
বুধবার (০৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
পরীক্ষার সময়সূচি পরে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য শিক্ষার্থীদের তালিকাও প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক জানিয়েছিলেন, দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষার সুযোগ দেওয়া হবে। এ বছর দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী।
চাঁদপুর টাইমস ডেস্ক/
৪ নভেম্বর ২০২৬