Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটার অপরাধে প্রশাসনের অভিযান
ফসলি

শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটার অপরাধে প্রশাসনের অভিযান

চাঁদপুরের শাহরাস্তিতে চিতোষী পূর্ব ইউপির বড়তুলা এলাকায় ফসলি জমির মাটি কাটার অপরাধে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযানে উপজেলা প্রশাসন।

অভিযানে সরকারি অনুমতি ছাড়া মাটি উত্তোলন ও বিক্রির অপরাধে এক জমির মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি অবৈধ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যথায় ড্রেজার জব্দ করে প্রশাসনের হেফাজতে নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। বুধবার (২২ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের নির্দেশনায়
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, দীর্ঘদিন ধরে বড়তুলা এলাকায় কৃষিজমির মাটি উত্তোলন ও বিক্রি করা হচ্ছিল। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও আশপাশের বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি নিয়ে এলাকাবাসী উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করলে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। ওই ভ্রাম্যমান আদালতে জমির মালিক নিজের অপরাধ স্বীকার করেন। মাটি উত্তোলন ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান শেষে অবৈধ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন করে ড্রেজারটি অপসারণের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। নির্দেশ অমান্য করলে ভবিষ্যতে ড্রেজার জব্দসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, “অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের ফলে কৃষিজমি, পরিবেশ ও জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন চিতোষী পূর্ব ইউপির দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন এবং পুলিশের একটি টিম।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২৩ জুলাই ২০২৬