চাঁদপুরের ফরিদগঞ্জে অসাবধানতাবশত চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক অটোরিকশা চালকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম গাব্দেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালক মাহবুবের বাড়িটির কিছু অংশ মুহূর্তেই আগুনে পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুবের স্ত্রী রান্না শেষে চুলার আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে না রেখে পাশের ঘরে যান। কিছুক্ষণের মধ্যেই চুলার আগুন থেকে ঘরে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।
ফায়ার সার্ভিসের দলনেতা বিল্লাল হোসেন জানান, রান্নাঘরের খড় থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
এ ঘটনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান
২৩ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur