চাঁদপুর পৌরসভার অন্যান্য ওয়ার্ডের ধারাবাহিকতায় ১১ নং ওয়ার্ডেও প্রকৃত জেলেদের মাঝে জেলে কার্ড বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জেলেদের হাতে কার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর পৌর শাখার সভাপতি আক্তার হোসেন মাঝি উপস্থিত থেকে এই কার্ড বিতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলে সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে আক্তার হোসেন মাঝি বলেন, সরকার ঘোষিত সুবিধা যাতে প্রকৃত জেলেদের কাছে সঠিকভাবে পৌঁছে যায়, সে লক্ষ্যেই এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, জেলে কার্ডের মাধ্যমে উপকারভোগীরা সরকারি সহায়তা ও প্রণোদনা সহজে গ্রহণ করতে পারবেন।
নদীবেষ্টিত অঞ্চল হিসেবে চাঁদপুরে বহু পরিবার জীবিকার জন্য মাছ ধরার ওপর নির্ভরশীল। সংশ্লিষ্টরা জানান, জেলে কার্ড বিতরণের মাধ্যমে প্রকৃত জেলেদের তালিকাভুক্ত করে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে জেলে সম্প্রদায়ের পক্ষ থেকে এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার দাবি জানানো হয়।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া
৩ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur